রুশ বিশেষজ্ঞরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করবেন
https://parstoday.ir/bn/news/iran-i52347-রুশ_বিশেষজ্ঞরা_ইরানের_পরমাণু_স্থাপনা_পরিদর্শন_করবেন
রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল ইরানের ফোরদু পরমাণু স্থাপনা পরিদর্শন করবে বলে খবর দিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০৩:২৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বেহরুজ কামালভান্দি
    সংবাদ সম্মেলনে বেহরুজ কামালভান্দি

রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল ইরানের ফোরদু পরমাণু স্থাপনা পরিদর্শন করবে বলে খবর দিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

রুশ বিশেষজ্ঞরা স্টেবেল আইসোটপ নিয়ে দ্বিপক্ষীয় এক প্রকল্পের আওতায় এ পরিদর্শন করবেন জানিয়ে তিনি বলেন, প্রায় এক বছর আগে ইরান ও রাশিয়ার মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয়েছে।

ওই সমঝোতার আওতায় এখন পর্যন্ত ইরানের একাধিক বিশেষজ্ঞ প্রতিনিধিদল মস্কো সফর করেছে বলেও জানান কামালভান্দি। তিনি বলেন, ফোরদু স্থাপনায় কিছু যন্ত্র বসানোর কাজ করতে রাশিয়ার বিশেষজ্ঞরা রোববার ইরান সফরে আসবেন।

বৃহস্পতিবারই দিনের শুরুতে রাশিয়ার রিয়া নোভোস্তি বার্তা সংস্থা খবর দিয়েছিল, রুশ প্রযুক্তি বিশেষজ্ঞরা চলতি সপ্তাহেই ইরানের ফোরদু পরমাণু স্থাপনায় প্রবেশ করবেন।

ইউকিয়া আমানো

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো গত বছরের জানুয়ারিতে বলেছিলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার আওতায় ইরান ফোরদু পরমাণু স্থাপনা থেকে ‘অতিরিক্ত সেন্ট্রিফিউজ ও অবকাঠামো’ সরিয়ে নিয়েছে।  

ইরানের ফোরদু পরমাণু স্থাপনায় মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্রের নাম সেন্ট্রিফিউজ।  ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার শর্তে ইরান নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা এনেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২