লন্ডনে ইরানি দূতাবাসে হামলায় ব্রিটিশ পুলিশের সায় ছিল: বোরুজের্দি
-
আলাউদ্দিন বোরুজের্দি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, লন্ডনে ইরানি দূতাবাসে হামলায় ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর সায় ছিল। ইরানি দূতাবাসে গতকালের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
আলাউদ্দিন বোরুজের্দি আরও বলেছেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকারের। কাজেই ব্রিটিশ সরকারকেই দূতাবাসে হামলার সব দায়িত্ব নিতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইরানি দূতাবাসের নিরাপত্তার ক্ষেত্রে সৃষ্ট সমস্যার বিষয়েও ব্রিটেনকেই জবাবদিহি করতে হবে।
ব্রিটিশ শিয়া নামে পরিচিত 'শিরাজি' গোষ্ঠীর সমর্থকরা গতকাল বিকেলে লন্ডনে ইরানের দূতাবাসে হামলা চালায়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপরে ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচে নামিয়ে ফেলে। হামলার সময় ব্রিটিশ পুলিশ দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নি। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ এক টুইটার বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০