আযারবাইজান নিরাপদে থাকলে ইরানও নিরাপদ থাকবে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i55000-আযারবাইজান_নিরাপদে_থাকলে_ইরানও_নিরাপদ_থাকবে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আযারবাইজানের নিরাপত্তাকে আমরা নিজের নিরাপত্তা বলেই মনে করি। আযারবাইজান নিরাপদে থাকলেই কেবল ইরান নিরাপদ থাকবে। আজ (বৃহস্পতিবার) আযারবাইজানের রাজধানী বাকুতে দুই দেশের বাণিজ্য বিষয়ক সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ১৬:১৪ Asia/Dhaka
  • ড. রুহানি ও আলিয়েভ
    ড. রুহানি ও আলিয়েভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আযারবাইজানের নিরাপত্তাকে আমরা নিজের নিরাপত্তা বলেই মনে করি। আযারবাইজান নিরাপদে থাকলেই কেবল ইরান নিরাপদ থাকবে। আজ (বৃহস্পতিবার) আযারবাইজানের রাজধানী বাকুতে দুই দেশের বাণিজ্য বিষয়ক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. রুহানি আরও বলেছেন, ধর্ম, আচার-আচরণ, সংস্কৃতি ও ইতিহাসের ক্ষেত্রে ইরান ও আযারবাইজানের মধ্যে অনেক মিল রয়েছে এবং দুই দেশের মানুষই পরস্পরের প্রতি টান অনুভব করে। 

কাস্পিয়ান সাগরকে বন্ধুত্ব ও সহযোগিতার সাগর হিসেবে অভিহিত করে রুহানি আশা প্রকাশ করে বলেন, দুই দেশ পারস্পরিক সহযোগিতায় আল্লাহ প্রদত্ত এই সম্পদ ও পুঁজিকে মানুষের কল্যাণে আরও বেশি কাজে লাগাতে সক্ষম হবে। 

তবে দুই দেশের সম্পর্ক এখনও কাঙ্খিত পর্যায়ে পৌঁছায় নি বলে তিনি মন্তব্য করেন। 

এ সময় আযারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও বাড়াতে হবে। যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ইরানের প্রেসিডেন্ট গতকাল (বুধবার) আযারবাইজান সফরে যান। সফরকালে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। সবশেষ খবরে জানা গেছে, ড. রুহানি তেহরানের উদ্দেশ্যে বাকু ত্যাগ করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮