গাজার গণহত্যা ইসরাইল ও আমেরিকার জন্য কলঙ্কজনক লজ্জা: ইরান
ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডকে আমেরিকা এবং ইসরাইলের জন্য 'কলঙ্কজনক লজ্জা' হিসেবে অভিহিত করেছেন। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা।
আজ (মঙ্গলবার) ১৫ মে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি হারানোর বার্ষিকী ‘নাকবা' বা মহাবিপর্যয় দিবস পালনের আগের দিন এ গণহত্যা চালানো হয়। নাকবা দিবসে হাজার হাজার ফিলিস্তিনি নারী-পুরুষ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গাজাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে তৈরি করা বেষ্টনীর কাছে বিক্ষোভ কর্মসূচি পালন করে থাকে। ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের এই দিনে অন্তত ৮ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়।
আজ জাতীয় সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের স্পিকার আলী লারিজানি বলেন, গাজা উপত্যাকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সর্বশেষ অপরাধযজ্ঞ এবং গণহত্যা তেল আবিব ও ওয়াশিংটনের জন্য একটি কলঙ্কজনক লজ্জা এবং এটি ইতিহাসের পাতা থেকে কখনোই মুছে যাবে না। ক্ষমতার জোরে নয় বরং আতঙ্কগ্রস্ত হয়েই অবৈধ ইসরাইলি শাসক গোষ্ঠী গাজায় সর্বশেষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
লারিজানি বলেন, ফিলিস্তিনিদের তীব্র গণআন্দোলনে ইহুদিবাদী শাসকগোষ্ঠী উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং ভয় থেকেই তারা এ বোকামিপূর্ণ পদক্ষেপ নিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫