ইয়েমেনে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব: ইরান
-
ইয়েমেনে সৌদি বর্বরতা
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দারিদ্রপীড়িত ইয়েমেনে বোমা হামলা বাড়িয়ে দেয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে, তিন বছরের বেশি সময় ধরে সামরিক আগ্রাসন চালিয়ে সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, সা’দা প্রদেশের আবাসিক এলাকায় বোমা হামলা বাড়িয়ে দেয়া এবং হুদায়দা প্রদেশে শরণার্থী বাসের ওপর বিমান হামলার মাধ্যমে একথাই প্রমাণ হয় যে, ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদি আরব হাতাশায় ভুগছে।
সৌদি আরব ও তার মিত্ররা যে ঘৃণ্য হামলা চালাচ্ছে বিশেষ করে নারী ও শিশু হত্যার যে মিশন পরিচালনা করছে তা বন্ধে জাতিসংঘের কার্যকর ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন কাসেমি।
এর আগে, গতকাল হুদায়দা প্রদেশে উদ্বাস্তু বহনকারী একটি বাসে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। এতে অন্তত নয়জন নিহত ও এক ডজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের দেহ একবারে টুকরো টুকরো হয়ে গেছে এবং তাদেরকে চেনার উপায় নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭