ইরানি কূটনীতিককে ভিসা দেবে সৌদি আরব
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন কূটনীতিককে ভিসা দিতে রাজি হয়েছে সৌদি আরব। এ কূটনীতিক সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশুনার জন্য প্রধান হিসেবে কাজ করবেন।
গত দুই বছর আগে ইরান ও সৌদি আরবে মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে এবং সৌদি আরব ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। সে ক্ষেত্রে ইরানি কূটনীতিকের ভিসা দিতে রাজি হওয়ার ঘটনাকে রিয়াদের পক্ষ থেকে নেয়া দুর্লভ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইরানি কূটনীতিকের জন্য সৌদি আরবের পক্ষ থেকে ভিসা দেয়ার সম্মতির খবরটি বার্তা সংস্থা ইরনাকে নিশ্চিত করেছে একটি কূটনৈতিক সূত্র। ইরনা বলেছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওমান এবং ইয়েমেন বিষয়ক বিভাগের প্রধান মোহম্মাদ আলীবেক-কে ইরানের স্বার্থ দেখাশুনার জন্য তত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে।
ইরনা বলছে, একে তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছিলেন, সৌদি আরবে স্বার্থ দেখাশুনার করার জন্য একটি বিভাগ খোলার পরিকল্পনা করছে তেহরান।#
পার্সটুডে/এসআইবি/৫