অবরোধ মোকাবেলায় ইরানের সহযোগিতা ভুলবে না কাতার: আমির
-
ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমির
কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন অবরোধ মোকাবেলায় ইরানের সহযোগিতার কথা তার দেশ কখনো ভুলবে না। তিনি আজ (রোববার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে টেলিফোনালাপে এ কথা বলেন।
কাতারের জনগণের ঐক্য ও সংহতি এবং বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশগুলো বিশেষকরে ইরানের সহযোগিতায় কাতার অন্যায় অবরোধ মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। কাতারের আমির বলেন, তার দেশ ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক আর জোরদারে আগ্রহী।
এ সময় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের সব ধরনের সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে সাগর পথে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য আরও বাড়ানো যেতে পারে বলে তিনি জানান। এর আগে কাতারের পক্ষ থেকেও সাগর পথে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
কাতারকে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করারও প্রস্তাব দেন তিনি। রুহানি বলেন, ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার যেসব উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে তাতে ইরানের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোম্পানিগুলো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। আগামী ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজক হচ্ছে কাতার।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন