পূর্বশর্ত আরোপকারীদের সঙ্গে সংলাপে বসে না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i66665-পূর্বশর্ত_আরোপকারীদের_সঙ্গে_সংলাপে_বসে_না_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা পূর্বশর্ত আরোপ করে তাদের সঙ্গে তার দেশ কখনো আলোচনায় বসবে না। তেহরানের সঙ্গে সংলাপে বসার জন্য ওয়াশিংটন যেসব পূর্বশর্ত দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৬:২৯ Asia/Dhaka
  • পূর্বশর্ত আরোপকারীদের সঙ্গে সংলাপে বসে না ইরান: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা পূর্বশর্ত আরোপ করে তাদের সঙ্গে তার দেশ কখনো আলোচনায় বসবে না। তেহরানের সঙ্গে সংলাপে বসার জন্য ওয়াশিংটন যেসব পূর্বশর্ত দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে জারিফ একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তাকে মার্কিন সাংবাদিক রবিন রাইটের পাশে বসে কথা বলতে দেখা যায়। গত শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ফোরামের অবকাশে তিনি ওই সাক্ষাৎকার দেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে ভবিষ্যত সম্ভাব্য আলোচনায় বসার আগে তেহরানকে ১২টি শর্ত পূরণ করার আহ্বান জানান।

মাইক পম্পেও

এ সম্পর্কে রবিন রাইটের প্রশ্নের উত্তরে জারিফ বলেন, “আলোচনায় বসার আগেই যারা ১২টি শর্ত দেয় তাদের সঙ্গে আমরা আলোচনায় বসব না। বিশেষ করে যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেদের হাতে পাস করা প্রস্তাব লঙ্ঘন করার পর এ শর্ত দেয়।”

জলবায়ু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে আমেরিকার বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, “আমি তাদেরকে (মার্কিন নেতাদেরকে) আইন মেনে চলার আহ্বান জানাতে চাই না কারণ সেটা তাদের জন্য অসম্ভব ব্যাপার। কিন্তু তারা অন্তত আইন অমান্য করার কাজ কমিয়ে দিতে পারেন।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরানকে যেসব শর্ত দিয়েছেন তার অন্যতম হচ্ছে সিরিয়া থেকে ইরানের সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করতে হবে। এমন সময় তিনি এ দাবি করেন যখন মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া থেকে সন্ত্রাসীদের নির্মূলে ব্যর্থ হলেও ইরান ও রাশিয়া সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে সিরিয়া থেকে সম্পূর্ণ হটিয়ে দিয়েছে।

তেহরান বলেছে, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে এবং কেবলমাত্র দামেস্ক আহ্বান জানালে সিরিয়া থেকে সামরিক উপদেষ্টা প্রত্যাহার করবে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮