মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা প্রভাব হারিয়েছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i66705-মধ্যপ্রাচ্যের_দেশগুলোর_ওপর_আমেরিকা_প্রভাব_হারিয়েছে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা তার প্রভাব হারিয়েছে এবং এখন আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার পক্ষে এ অঞ্চলের দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেয়া সম্ভব নয়। বুধবার তুরস্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ০৩:৪০ Asia/Dhaka
  • মেহরাবাদ বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি
    মেহরাবাদ বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা তার প্রভাব হারিয়েছে এবং এখন আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার পক্ষে এ অঞ্চলের দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেয়া সম্ভব নয়। বুধবার তুরস্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্যান্য প্রতিবেশী দেশের মতো তুরস্ক কঠোর অবস্থান নিয়েছে। ইরান ও তুরস্কের দ্বিপক্ষীয় কৌশলগত উচ্চ পরিষদের পঞ্চম বৈঠকে অংশ নিতে আঙ্কারা সফরে গেছেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, তার এ সফরে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদির পাশাপাশি অর্থনৈতিক ও ব্যাংকিং খাত এবং জ্বালানী, গ্যাস ও তেলখাতে সহযোগিতা নিয়ে দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হবে।

আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে দু’দেশের শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় বলে অভিহিত করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ক ইরান সংলগ্ন তার পূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণের কাজে হাত দিয়েছে বলে সীমান্ত এলাকার পরিবেশগত বিষয় নিয়েও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।

সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যে বৈঠক হয়েছে সে সম্পর্কেও কথা বলেন হাসান রুহানি। তিনি বলেন, সিরিয়া সংকটের শুরু থেকেই দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা, সকল শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তন এবং সিরিয়ার ভবিষ্যত নির্ধারণের বিষয়টি সেদেশের জনগণের হাতে অর্পণের দাবি জানিয়ে এসেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০