আমেরিকার সঙ্গে চুক্তি করা মূল্যহীন: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে যেকোনো চুক্তি করা অর্থহীন, এমনকি সে চুক্তি কংগ্রেস অনুমোদন করলেও তা মেনে চলে না মার্কিন সরকার।
রাশিয়ার সঙ্গে আমেরিকা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী একথা বললেন। তিনি বলেন, আমেরিকা এ চুক্তি বাতিল করে সারা বিশ্বকে এ বার্তাই দিল যে, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা মূল্যহীন। জাওয়াদ জারিফ তার টুইটার অ্যাকাউন্টে গতরাতে একথা বলেছেন।
গতকাল (শুক্রবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে তার সরকারের বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, শনিবার থেকে এ চুক্তির প্রতি আর অনুগত থাকবে না আমেরিকা।
এর আগে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে দেয়া প্রতিশ্রুতিও পূরণ করে নি আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/২