পরমাণু সমঝোতা মেনে চলছে ইরান: ১৪তম বারের মতো জানাল আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i68317-পরমাণু_সমঝোতা_মেনে_চলছে_ইরান_১৪তম_বারের_মতো_জানাল_আইএইএ
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে সাক্ষরিত পরমাণু সমঝোতার সবগুলো বিধিনিষেধ পুরোপুরি মেনে চলছে। এতে আরো বলা হয়েছে, এমনকি আমেরিকা গত বছর এই মঝোতা থেকে বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরও ইরান ওইসব বিধিনিষেধ মেনে চলা অব্যাহত রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ০৩:৪৭ Asia/Dhaka
  • ইরানের আরাক ভারী পানির কেন্দ্র (ফাইল ছবি)
    ইরানের আরাক ভারী পানির কেন্দ্র (ফাইল ছবি)

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে সাক্ষরিত পরমাণু সমঝোতার সবগুলো বিধিনিষেধ পুরোপুরি মেনে চলছে। এতে আরো বলা হয়েছে, এমনকি আমেরিকা গত বছর এই মঝোতা থেকে বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরও ইরান ওইসব বিধিনিষেধ মেনে চলা অব্যাহত রেখেছে।

শুক্রবার আইএইএ’র পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সক্ষমতা থাকা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য পরমাণু সমঝোতায় বর্ণিত সর্বোচ্চ সীমা মেনে চলেছে ইরান।

এই নিয়ে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থা ১৪ বার ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়টিকে স্বীকৃতি দিল।

আইএইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে ইরানে ভারী পানির মজুদ ১২২.৮ টন থেকে বেড়ে ১‌২৪.৮ টনে পৌঁছেছে। এ ছাড়া, দেশটি ১৬৩.৮ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। এই মজুদ গত নভেম্বরে ছিল ১৪৯.৪ কেজি। তবে দু’টি ক্ষেত্রেই মজুদ পরমাণু উপাদান এখনো পরমাণু সমঝোতার অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে।

ভিয়েনায় আইএইএ'র সদরদপ্তর

আইএইএ’র ত্রৈমাসিক প্রতিবেদনে আরো জানানো হয়েছে, জাতিসংঘের পরিদর্শকরা পরমাণু সমঝোতা বর্ণিত বিধি অনুসারে ইরানের পরমাণু স্থাপনাগুলো অবাধে পরিদর্শন করতে পেরেছেন।

ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলা সত্ত্বেও ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে যান। এরপর নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। কিন্তু আমেরিকা পরমাণু সমঝোতা ত্যাগ করলেও ইউরোপীয় দেশগুলো এটিতে অটল রয়েছে এবং ইরানকেও এই সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়েছে।

তবে আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউরোপীয় দেশগুলোকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩