মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত 'বিপজ্জনক' পদক্ষেপ: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i70680-মধ্যপ্রাচ্যে_অতিরিক্ত_মার্কিন_সেনা_পাঠানোর_সিদ্ধান্ত_'বিপজ্জনক'_পদক্ষেপ_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত খুবই বিপজ্জনক এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৫, ২০১৯ ১৩:৫০ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে তৎপর মার্কিন সেনা
    পারস্য উপসাগরে তৎপর মার্কিন সেনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত খুবই বিপজ্জনক এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ১৫০০ জন সেনা পাঠানোর ঘোষণা দেয়ার একদিন পর জারিফ এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘প্রতিরক্ষামূলক’ কাজে এসব সেনা পাঠানো হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প।

মাথা গরম ট্রাম্প এমন সময় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিলেন যখন এর আগের দিন তার পক্ষ থেকে বলা হলো যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। জারিফ বলেন, আমাদের অঞ্চলে মার্কিন সেনার উপস্থিতি ভয়ানক বিপজ্জনক পদক্ষেপ এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মার্কিন এ পদক্ষেপের বিষয়ে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।

মার্কিন সেনাদের ওপর ইরান হামলা চালাতে পারে-এই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আমেরিকা মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং বি-৫২ বোমারু বিমান পাঠালে পারস্য উপসাগরে উত্তেজনা চরমে ওঠে। ইরান কথিত গোয়েন্দা প্রতিবেদনকে ভূয়া বলে উড়িয়ে দেয় এবং একে মার্কিন সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানায়।  

জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে বিদ্বেষী ও শত্রুতামূলক নীতিকে বৈধতা দিতে এবং মধ্যপ্রাচ্যে  উত্তেজনা জিইয়ে রাখার জন্যেই আমেরিকা তেহরানের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।