৬০ দিনের সময়সীমা আর নবায়ন করা হবে না: ইরান
-
ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই\\\'র মুখপাত্র বেহরুজ কামালবান্দি
ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ইরান পরমাণু সমঝোতায় থাকা বাকি দেশগুলোকে ৬০ দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছে তা কোনো অবস্থাতেই আর নবায়ন করবে না তেহরান।
বেহরুজ কামালবান্দি আজ (বুধবার) ইরানের ইসান্না সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু সমঝোতা প্রসঙ্গে বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোকে ইরান যে ৬০ দিনের আল্টিমেটাম দিয়েছে তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। তিনি বলেন, পরমাণু সমঝোতার আওতায় আরো কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখার দ্বিতীয় পর্যায়ের ধাপ শুরু করতে যাচ্ছে তেহরান। তবে কবে থেকে সেই পদক্ষেপ নেয়া শুরু হবে সে বিষয়ে সুষ্পষ্টভাবে কিছু বলেন নি তিনি।
মার্কিন সরকার গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। তবে ইউরোপীয় দেশগুলো এ সমঝোতায় ইরানকে অটল থাকার আহ্বান জানিয়ে তাদের পক্ষ থেকে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। এ ব্যাপারে তারা মুখে অনেক কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি।
গত ৮ মে ইরান পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এ সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। আমেরিকা এ সমঝোতা একতরফাভাবে পরিত্যাগ করার এক বছর পূর্তিতে ওই ঘোষণা দেয় ইরান। একইসঙ্গে তেহরান ইউরোপকে দুই মাসের সময়সীমা বেধে দিয়ে জানাএই দুই মাসের মধ্যে ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ইরান পরবর্তী পদক্ষেপ নেবে।
কামালবান্দি বলেন, পরমাণু সমঝোতার আওতায় অন্যপক্ষগুলো যেভাবে এ সমঝোতার প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাবে ইরানের পদক্ষেপও সে অনুযায়ী হবে। তিনি বলেন, এটা মেনে নেয়া হবে না যে ইরান তার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলবে আর অন্য পক্ষ বাস্তব কোনো পদক্ষেপ নেবে না। ইরান এখন এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি এবং অধিকারের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও জানান তিনি। বেহরুজ বলেন, সমঝোতায় সই করা অন্য পক্ষগুলো যদি তেহরানের অধিকারে প্রতি স্বীকৃতি দেয় তাহলে ইরানও তার দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাবে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।