ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে আপনি কেন কথা বলছেন না: ট্রাম্পকে রুহানির প্রশ্ন
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্রের প্রতি অন্ধ দৃষ্টি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইরান পরমাণু অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে মিথ্যাা অভিযোগ করে আসছেন তার প্রতি ইঙ্গিত করে রুহানি এ বক্তব্য দেন। প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) তেহরানে একটি সরকারি বৈঠকে দেয়া বক্তব্যে বলেন, ট্রাম্প যদি সত্যিকারভাবেই পরমাণু অস্ত্র নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে তার উচিত ইসরাইলের অধীনে থাকা শত শত পরমাণু অস্ত্রের মজুদ নিয়ে কথা বলা।
প্রেসিডেন্ট ট্রাম্পকে রুহানি প্রশ্ন করেন, যেখানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নিয়মিতভাবে তার দেশের পরমাণু স্থাপনা পরিদর্শন করছে এবং তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির স্বীকৃতি দিচ্ছে সেখানে কেন তিনি উদ্বিগ্ন যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে?
প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন যে তিনি (ট্রাম্প) এমন সময় পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে ইরানকে জড়িয়ে অভিযোগ করছেন যেখানে তার দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ পরমাণু অস্ত্রের মজুদের বিরুদ্ধে চূড়ান্ত ডিক্রি জারি করেছেন। রুহানি ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি কী সত্যিই পরমাণু অস্ত্র নিয়ে উদ্বিগ্ন? আপনি কী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ধর্মীয় ফতোয়া জারি সম্পর্কে অবগত নন? রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্রের উন্নয়ন এমনকি এটিকে মজুদ করার চেষ্টাকে হারাম ঘোষণা করেছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।