'ইরানের বিরুদ্ধে আচরণ পরিবর্তন করলেই কেবল ট্রাম্প অচলাবস্থা থেকে মুক্তি পেতে পারেন'
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের যুক্তিপূর্ণ শক্তিশালী নেতৃত্ব এবং মহান ইরানি জাতির প্রতি বিদ্বেষী আচরণ পরিবর্তন ঘটানোর মাধ্যমেই কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান স্থবির অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।
আজ রোববার এক টুইটার বার্তায় আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের (কথা বলার) প্রসঙ্গ উত্থাপনের যোগ্যতা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আট শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর আব্দুল্লাহিয়ান এসব মন্তব্য করেন।
গত কয়েক দিন আগে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী আমেরিকার গোয়ান্দা বিমান ভূপাতিত হওয়ার পর আমির আব্দুল্লাহিয়ান ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আবার ভুল করেন তাহলে ইসলামি ইরান অত্যন্ত শক্তভাবে এর সমুচিত জবাব দেবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গত ২০ জুন দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের ‘কুহে মোবারক’ এলাকায় আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক' কাউন্টিতে অবস্থিত।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।