শত্রুর যুদ্ধের পথ বন্ধ করে দিয়েছে ইরান: জেনারেল সালামি
-
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি\\\'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি প্রতিরক্ষা ক্ষেত্রে তার দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ইরানের আন্তর্জাতিক প্রভাব আজ সকলের কাছে স্বীকৃত।
আজ (বুধবার) তেহরানে নির্মাণাধীন আইআরজিসি'র খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির প্রধান সদরদপ্তর পরিদর্শনে গিয়ে এক অনুষ্ঠানে জেনারেল সালামি বলেন, "সামরিক ক্ষেত্রে আমরা শত্রুর গতিপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি এবং ইরানের অনুকূলে সামরিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।" তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে শত্রুরাই দ্বিধাগ্রস্ত এবং আতঙ্কিত যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কিনা। তাদের এ উদ্বিগ্নতা তাদের বাস্তব গতিবিধি এবং কৌশলগত আচরণে দৃশ্যমান হচ্ছে।"
কিছুদিন আগে কেউ কেউ মনে করতেন যে ইরান আলোচনার পথ প্রত্যাখ্যান করলে যুদ্ধ অবশ্যম্ভাবী। কিন্তু এখন বাস্তবতা পাল্টে গেছে। এখন ইসলামি ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে যাওয়ার চিন্তা করতেও শত্রুদের হাত-পা ভয়ে কাঁপে।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদ্বেষী আচরণ প্রসঙ্গে জেনারেল সালামি বলেন, ওয়াশিংটন এখন তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আমেরিকা চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। সকল ক্ষেত্রে শত্রুকে মোকাবেল করার লক্ষ্যে ইরান সব ধরনের পন্থা অবলম্বন করতে বাধ্য হবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন আইআরজিসি'র এ কমান্ডার। #
পার্সটুডে/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।