রাশিয়া: ‘ব্রিটেনের চেয়ে ইরানের বক্তব্য বেশি সন্তোষজনক’
https://parstoday.ir/bn/news/iran-i72148-রাশিয়া_ব্রিটেনের_চেয়ে_ইরানের_বক্তব্য_বেশি_সন্তোষজনক’
রাশিয়া বলেছে, পরস্পরের তেল ট্যাংকার আটকের ব্যাপারে ব্রিটেনের চেয়ে ইরানের বক্তব্য বেশি সন্তোষজনক। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রোববার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২২, ২০১৯ ০৫:১৫ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়া বলেছে, পরস্পরের তেল ট্যাংকার আটকের ব্যাপারে ব্রিটেনের চেয়ে ইরানের বক্তব্য বেশি সন্তোষজনক। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রোববার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার স্টেনা ইমপেরো জব্দ করার ব্যাপারে ইরান যে বক্তব্য দিয়েছে তা ইরানি তেল ট্যাংকার ‘গ্রিস-১’ আটকের ব্যাপারে ব্রিটিশ সরকারের বক্তব্যের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য।রিয়াবকভ আরো বলেন, জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের পতাকাবাহী তেল ট্যাংকার আটকের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘিত হওয়ার যে দাবি লন্ডন করছে তা অনেক বেশি দুর্বোধ্য ও দ্ব্যর্থবোধক। 

ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার স্টেনা ইমপেরো

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে আটক করে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে, ওই প্রণালী অতিক্রমের সময় নিজের জিপিএস লোকেটর বন্ধ করে জাহাজটি ভুল রুট দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করছিল। ব্রিটিশ তেল ট্যাংকারটিকে পরীক্ষা-নীরিক্ষা করার জন্য ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘বন্দর আব্বাস’ সমুদ্র বন্দরে নিয়ে আসা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের একটি সুপার তেল ট্যাংকার আটক করে। লন্ডন দাবি করে, ইরানি ট্যাংকারটি সিরিয়ার জন্য তেল নিয়ে যাচ্ছিল এবং এর ফলে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছিল। অথচ পশ্চিমা গণমাধ্যমেই খবর বেরিয়েছে, আমেরিকার অনুরোধে সাড়া দিয়ে ইরানের তেল রপ্তানি শূন্যের কাঠায় নামানোর মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ব্রিটিশ সরকার এ কাজ করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২