ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কাজ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ইরানের ওপর তার দেশের আরোপিত বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞায় কাজ হয়েছে। তিনি গতকাল (সোমবার) ওয়াশিংটনের একটি অর্থনৈতিক কেন্দ্রে বক্তৃতায় দিতে গিয়ে এ দাবি করেন।
পম্পেও বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় বিশেষজ্ঞরা মনে করেছিলেন, শুধুমাত্র আমেরিকার একার নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। কিন্তু তাদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়ে এখন দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞা আমেরিকার জন্য কাঙ্ক্ষিত ফল দিতে শুরু করেছে।
মাইক পম্পেও এমন সময় এ বক্তব্য দিলেন যখন তিনি গত এক সপ্তাহে তিনবার ইরান সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ইরানের জনগণের ওপর আমেরিকার আরোপিত এই নিষেধাজ্ঞার ধ্বংসাত্মক প্রভাব উপেক্ষা করে পম্পেও দাবি করেছেন, ইরানি জনগণের সঙ্গে সরাসরি কথা বলার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের সরকারের কোনো ক্ষতি হচ্ছে না বরং এর ফলে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সোমবার আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাতে আটক ব্রিটিশ তেল ট্যাংকার মুক্ত করার লক্ষ্যে ওয়াশিংটন লন্ডনকে সহযোগিতা করছে। গত ১৯ জুলাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে আইআরজিসি ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকারটিকে আটক করে।
মাইক পম্পেও এ সময় আরো বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা করা নিয়ে আমেরিকা এই মুহূর্তে কিছু ভাবছে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালীর নিরাপত্তা সেই সব দেশের রক্ষা করা উচিত যাদের তেল ট্যাংকারগুলো ওই পথে বেশি বেশি যাতায়াত করে। #
পার্সটুডে/এমএমআই/৩০