ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী। তিনি রোববার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক টেলিফোন সংলাপে ওই আগ্রহ প্রকাশ করেন।
এর জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানও বন্ধুপ্রতীম ও ভ্রাতৃপ্রতীম দেশ তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি একইসঙ্গে দু’দেশের মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সাম্প্রতিক সময়ে তেহরান ও আঙ্কারার ওপর ওয়াশিংটনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে দু’দেশ নিজেদের মধ্যে বাণিজ্যিক বিনিময়কে ৩,০০০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে। গত মার্চ মাসের শেষ নাগাদ ফার্সি নতুন বছর শুরু হওয়ার পর থেকে পরবর্তী তিন মাসে তুরস্ক ইরানের কাছ থেকে ২২০ কোটি ডলারের পণ্য ও সেবা আমদানি করেছে। ২০১৮ সালের একই সময়ের তুলনায় এই পরিমাণ পাঁচগুণ বেশি। তেহরান চেম্বার অব কমার্স সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
রোববারের টেলিফোন সংলাপে তুরস্কের প্রেসিডেন্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার ইরানি সমকক্ষকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, এই ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট রুহানিও কুরবানির ঈদ উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানান।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।