সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই ইরানি পররাষ্ট্র নীতির বড় লক্ষ্য: রুহানি
-
আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমান সারকিসিয়ানের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই হচ্ছে তার দেশের পররাষ্ট্র নীতির একটি বড় লক্ষ্য।
গতকাল (সোমবার) আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমান সারকিসিয়ানের সঙ্গে রাজধানী ইয়েরেভেনে বৈঠকের সময় এ মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের একটি বৈঠকে যোগ দিতে প্রেসিডেন্ট রুহানি আর্মেনিয়া সফর করছেন।
আরমান সারকিসিয়ানের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট রুহানি ইরান ও আর্মেনিয়ার অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে দু'দেশের মধ্যকার সম্পর্ককে টেকসই পরিণত করার আহ্বান জানান।
আর্মেনিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বাঁধ নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেহরান তার অভিজ্ঞতা ইয়েরেনের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে বলেও জানান হাসান রুহানি।
ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য হিসেবে ইরানের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক উন্নয়নের এটি একটি ভালো সুযোগ।
গতকাল ইয়েরেভেনের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে ড. হাসান রুহানি সাংবাদিকদের বলেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন তার দেশের সরকারি এবং বেসরকারি খাতকে বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের জন্য বিরাট সুযোগ তৈরি করবে। তিনি বলেন, আমেরিকার একতরফা নিষ্ঠুর নিষেধাজ্ঞার মুখে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ একটি ফোরাম।#
পার্সটুডে/এসআইবি/১