নিজেদের দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দেয়ার সুযোগ নেই: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i75465-নিজেদের_দোষ_ইরানের_ঘাড়ে_চাপিয়ে_দেয়ার_সুযোগ_নেই_মুখপাত্র
বাহরাইনের মানামা সংলাপ থেকে ইরানের বিরুদ্ধে যে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ অভিযোগ আনা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৯ ০৪:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি

বাহরাইনের মানামা সংলাপ থেকে ইরানের বিরুদ্ধে যে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ অভিযোগ আনা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি রোববার এক বিবৃতিতে বলেছেন, যেসব দেশ সুপ্রতিবেশীসুলভ নীতিমালা লঙ্ঘন করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং বিদেশি সেনাদের ডেকে এনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয় নিজেদের দোষ ইরানের কাঁধে চাপিয়ে দেয়ার কোনো অধিকার সেসব দেশের নেই।

মুসাভি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন, দেশটির হাজার হাজার নারী ও শিশুকে হত্যা, সেদেশের অবকাঠামো ধ্বংস এবং বিভিন্ন দেশের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে তাবেদার শাসকদের ক্ষমতায় বসানোর চেষ্টা এ অঞ্চলের জনগণের স্মৃতি থেকে কখানো মুছে যাবে না। এসব দেশকে কল্পনার জগত থেকে বেরিয়ে এসে বাস্তবতা মেনে নেয়ার আহ্বান জানান আব্বাস মুসাভি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলোর উচিত শত্রুতা পরিহার করে নিজেদের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করা।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের

সম্প্রতি বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ‘মানামা সংলাপ ২০১৯’-এ বক্তব্য রাখতে গিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে তার ভাষায় ‘অন্ধকার, মৃত্যু ও ধ্বংসের’ পথ বেছে নেয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি গত সেপ্টেম্বরে সৌদি আরবের আরামকো কোম্পানির তেলক্ষেত্রে ইয়েমেনিদের হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, “সৌদি আরব যুদ্ধ চায় না। তবে ইরানকে ওই হামলার জন্য জবাবদিহী করতে হবে।” সংলাপে সংযুক্ত আরব আমিরোতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেন।#পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।