মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75951-মার্কিন_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_বিশ্বের_নিরাপত্তার_জন্য_হুমকি_ইরান
আমেরিকা মধ্যম-পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি বা আইএনএফ থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যে এ পরীক্ষা চালাল ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৬:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

আমেরিকা মধ্যম-পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি বা আইএনএফ থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যে এ পরীক্ষা চালাল ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শনিবার ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ শহরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আইএনএফ চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্বের নিরাপত্তাকে বিপদাপন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়াবে।”

তিনি আরো বলেন, ইরান আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।মুসাভি আরো বলেন, “আমরা আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা, অস্ত্র প্রতিযোগিতা এবং উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ দেখতে চাই না।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। এ ধরনের পরীক্ষা আইএনএফ চুক্তিতে নিষিদ্ধ ছিল।

চলতি বছরের প্রথম দিকে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় আমেরিকা। ওই চুক্তিতে ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছিল আমেরিকা ও রাশিয়া।

দু দেশের মধ্যে শীতল যুদ্ধ চলার সময় ১৯৮৭ সালে আইএনএফ চুক্তি সই হয়েছিল। আমেরিকা ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের ক্ষেত্রে চুক্তিটি ছিল একটি মাইলফলক। এ চুক্তির অধীনে দু দেশ ২,৬৯২টি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরো বহু আন্তর্জাতিক চুক্তির মতো এই চুক্তি থেকেও আমেরিকাকে একতরফভাবে বের করে নেন।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।