ইরানের সঙ্গে মহড়ায় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীন
https://parstoday.ir/bn/news/iran-i76223-ইরানের_সঙ্গে_মহড়ায়_গাইডেড_মিসাইল_ডেস্ট্রয়ার_পাঠাচ্ছে_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীন। আগামীকাল (শুক্রবার) ভারত মহাসাগর এবং ওমান সাগরে এ মহড়া শুরু হয়ে সোমবার পর্যন্ত তা চলবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৯ ২৩:২১ Asia/Dhaka
  • চীনের দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার
    চীনের দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার পাঠাচ্ছে চীন। আগামীকাল (শুক্রবার) ভারত মহাসাগর এবং ওমান সাগরে এ মহড়া শুরু হয়ে সোমবার পর্যন্ত তা চলবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান আজ রাজধানী বেইজিংয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেন। আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যৌথ এই মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে- তিন দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করা। তিনি বলেন, তিন দেশের সমুদ্র নিরাপত্তা এবং জলদস্যুতা ঠেকানোর জন্য শুধু এ মহড়া অনুষ্ঠিত হবে না বরং তিন দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করাও হবে মহড়ার অন্যতম লক্ষ্য।

ইরানি নৌ মহড়ার ফাইল ফটো

গতকাল ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, আসন্ন মহড়ার অর্থ হচ্ছে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা সমুন্নত রাখা। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে উল্লেখ করেন জেনারেল শেকারচি।#

পার্সটুডে/এসআইবি/২৬