অস্ট্রেলিয়ার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: মুসাভি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইরানের জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে আটক একজন অস্ট্রেলিয় নাগরিক সম্পর্কে সেদেশের গণমাধ্যম যে অপপ্রচার চালিয়েছে তার জবাব দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, অস্ট্রেলিয়ার নাগরিক কাইলি মুর গিলবার্টকে ইরানের আইন অনুযায়ী কারাদণ্ড দেয়া হয়েছে এবং সব আইনি অধিকার ভোগ করেই তাকে কারাদণ্ডের মেয়াদ শেষ করতে হবে।
গিলবার্টকে মুক্ত করার জন্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইরান কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না।২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ অবৈধভাবে ইরানি নারী নেগার কুদস কানিকে গ্রেফতারের কথা উল্লেখ করে মুসাভি বলেন, এই ইরানি নারীকে বিনা অভিযোগে ২৭ মাস আটকে রাখার কথা তেহরান ভুলে যাবে না।
ইরানে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে চলতি বছরের গোড়ার দিকে কাইলি মুর গিলবার্টকে অস্ট্রেলিয়ার আরো দুই নাগরিক জুলি কিং ও মার্ক ফার্কিনের সঙ্গে আটক করা হয়।তবে শেষোক্ত দুই ব্যক্তির অপরাধের মাত্রা হালকা হওয়ায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় ফিরে গেছে।
ওই দুই অস্ট্রেলিয় নাগরিক ড্রোন উড়িয়ে ইরানের সামরিক ও নিষিদ্ধ এলাকার ছবি তুলেছিল।তবে গিলবার্ট গুপ্তচরবৃত্তির মতো কঠিন অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে ইরানের আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।