ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান
-
মুসাভি
ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরান ভারতকে ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে মনে করে। এ অবস্থায় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার খবর উদ্বেগজনক।
তিনি আজ (সোমবার) ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ভারতের মুসলমানদের বিরুদ্ধে হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করছি দ্রুতই ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটবে এবং ভারতীয় নেতাদের বিচক্ষণতার আলোকে তেহরান এ আশা করছে।
ভারতে ধর্মীয় সহিংসতার ওপর ইরান নজর রেখেছে বলেও তিনি জানান।
ভারতের দিল্লিতে সাম্প্রতিক সহিংসতায় ৪০ জনের বেশি নিহত হয়েছে। অনেকের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে খোদ ভারতের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে।
দিল্লির দাঙ্গা নিয়ে অবিলম্বে আলোচনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ আজ দিনভর অচল থাকল। #
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।