করোনায় আক্রান্ত বিদেশি নাগরিকদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে: রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশে বসবাসরত মহামারী ভয়ঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত বিদেশি নাগরিকদের সুচিকিৎসায় কার্যকরী ব্যবস্থা নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
প্রেসিডেন্ট রুহানি আজ বৃহস্পতিবার ইরানে করোনা মোকাবেলার লক্ষ্যে গঠিত বিশেষ টাস্ক ফোর্সের বৈঠকে দেয়া বক্তৃতায় বলেন, দেশের স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্তকরণ কিটের উন্নয়ন এবং সম্প্রসারণের মাধ্যমে করোনা পরীক্ষা এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের চিহ্ণিত করার যে উদ্যোগ নিয়েছে তার ফলে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করতে পারে।
বৈঠকে স্বাস্থমন্ত্রী সায়িদ নামাকি করোনার কারণে ইরানের বিভিন্ন শহর এবং অঞ্চলকে সাদা, হলুদ এবং লাল এলাকা হিসেবে চিহ্ণিত করা এবং এর ফলে ওইসব অঞ্চলে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেখানে আক্রান্ত হওয়ার হার আগের তুলনায় কমে আসার বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।
এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৮ জন। গতকাল এ সংখ্যা ছিল ৭৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮৫ জন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৬৮০।#
পার্সটুডে/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।