ইরানবিরোধী নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা, শক্ত বিরোধিতায় রাশিয়া
-
ব্রায়ান হুক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। দেশটি বলছে, নিষেধাজ্ঞার মেয়াদ যদি না বাড়ানো হয় তাহলে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, যেভাবেই হোক ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকতে হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আমেরিকা একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে এবং কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে। হুক লিখেছেন, জাতিসংঘে উত্থাপিত মার্কিন প্রস্তাবে যদি ভেটো দেয়া হয় তাহলে ওয়াশিংটন অন্য কোনো উপায় ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করবে।
এরইমধ্যে ইরান সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব যদি কেউ লঙ্ঘন করে তাহলে আমেরিকা এবং অন্য দেশগুলোকে বুঝতে হবে তেহেরান সে লঙ্ঘন কোনোভাবেই মেনে নেবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল এই হুশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকা যে দাবি তুলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন তা খুবই হাস্যকর। আমেরিকা দাবি করছে, তারা এখনো ইরানের সাথে সই হওয়া পরমাণু সমঝোতার অংশীদার। তিনি বলেছেন, অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা হলে নিরাপত্তা পরিষদে একটি উত্তপ্ত যুদ্ধ হবে।#
পার্সটুডে/এসআইবি/১৪