ইরানে টি-৯০ ট্যাংক নির্মাণের বিষয়ে বিবেচনা করছে রাশিয়া
রাশিয়া আজ(বৃহস্পতিবার) ঘোষণা করেছে দেশটির টি-৯০ ট্যাংক ইরানে তৈরি করার পরিকল্পনা বিবেচনা করছে মস্কো। রাশিয়া দেয়া লাইসেন্সের আওতায় তৃতীয় প্রজন্মের এ ট্যাংক তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এতে দেশ দু’টির কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে।
বিশ্বের সবচেয়ে বৃহত্তম ট্যাংক নির্মাতা সংস্থা উরালভ্যাগনজাভোদ বা ইউভিজেড’এর উপ নির্বাহী পরিচালক ভিয়াচেস্ল্যাভ খালিতোভ এ ঘোষণা দিয়েছেন। তেহরান এ সংক্রান্ত প্রস্তাব দিলেই টি-৯০ ট্যাংক তৈরির প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, ক্রেতা চাইলে রাশিয়া তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এরই মধ্যে ইরান এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছে। এ ব্যবস্থা কিনতে ইরান ৮০ কোটি ডলার ব্যয় করেছে। এস-৩০০’এর প্রাথমিক চালান ইরানকে সরবরাহ করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে পুরো ব্যবস্থা ইরানে পৌঁছে যাবে।
এস-৩০০ সরবরাহসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় আলোচনার জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহ্কান মঙ্গলবার মস্কো গেছেন। মস্কোর ইরানি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, রুশ সুখোই এসইউ-৩০ জঙ্গি বিমান এবং টি-৯০ ট্যাংক কেনার বিষয়ে দেহ্কান আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।#
মূসা রেজা/২৮