মার্কিন সমাজের লুকায়িত চেহারা ফাঁস হয়ে যাচ্ছে: আইআরজিসি প্রধান
-
সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইিআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিশ্বের দেশগুলোর নীতি ও আচরণে পরিবর্তন আসছে। আমেরিকা এত দিন সুন্দর সুন্দর কল্পিত বিষয় দিয়ে নিজেকে সুন্দর হিসেবে তুলে ধরেছে। কিন্তু এখন তাদের সমাজের লুকায়িত চেহারা ফাঁস হয়ে যাচ্ছে। তিনি আজ (বুধবার) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
জেনারেল সালামি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় নিজেকে মানুষের স্বাধীনতা, মুক্তি এবং মানবাধিকারের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। কিন্তু তাদের এসব জারিজুরি ফাঁস হয়ে গেছে।
এ সময় তিনি ইরানের পাঁচটি তেল ট্যাংকারের সাহায্যে ভেনিজুয়েলায় জ্বালানি পৌঁছে দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে ইরানি জাতি সম্মান, মর্যাদা ও দৃঢ়তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
ইরান মার্কিন হুমকি উপেক্ষা করে সম্প্রতি পাঁচটি জাহাজে করে পেট্রোলসহ বিভিন্ন তেলজাত পণ্য ভেনিজুয়েলায় পাঠিয়েছে। এতে প্রায় ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল পণ্য ছিল। তেলসমৃদ্ধ দেশ হলেও ভেনিজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের জ্বালানির অভাবে ভুগছে।
এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে পাঁচটি জাহাজে পেট্রোলসহ বিভিন্ন ধরণের জ্বালানি পাঠানো ভেনিজুয়েলার জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এজন্য আমেরিকা বিশেষভাবে ক্ষুব্ধ হলেও ভেনিজুয়েলার সরকার ও জনগণ ইরানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাংকার পাঠানোর পর আমেরিকা এসব ট্যাংকার আটক করার হুমকি দিয়েছিল। ইরান এবং ভেনিজুয়েলা পাল্টা হুমকি দেয়ার পর আমেরিকা পিছু হটে। তেল ট্যাংকারগুলো জ্বালানি খালাস (আনলোড) করার পর এখন ইরানের পথে রয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।