গুতেরেসের ইরানবিরোধী প্রতিবেদন; তীব্র প্রতিক্রিয়া দেখাল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i80632-গুতেরেসের_ইরানবিরোধী_প্রতিবেদন_তীব্র_প্রতিক্রিয়া_দেখাল_তেহরান
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন পাঠিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান।জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এক টুইটার বার্তায় বলেছেন, ইরান এই প্রতিবেদনের দাবিগুলো প্রত্যাখ্যান করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০২০ ০১:২০ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন পাঠিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান।জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এক টুইটার বার্তায় বলেছেন, ইরান এই প্রতিবেদনের দাবিগুলো প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, তদন্ত চালানোর মতো প্রয়োজনীয় বিশেষায়িত লোকবল জাতিসংঘ সচিবালয়ের নেই। রাভানচি এই প্রতিবেদন তৈরির পেছনে আমেরিকার সুস্পষ্ট হাত থাকার ইঙ্গিত করে বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুতার দীর্ঘ ইতিহাস নিয়ে আমেরিকা চালকের আসনে বসেছে যাতে জাতিসংঘের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে দেয়া যায়।

গতকাল (শুক্রবার) বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, গত বছর সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ইয়েমেন যে ক্ষেপণাস্ত্র চালিয়েছিল সেগুলোর উৎস ছিল ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জাতিসংঘ সচিবালয়কে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের তীব্র সমালোচনা করে বলেছে, জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে এ ধরনের রাজনৈতিক খেলা আন্তর্জাতিক সমাজ মেনে নেবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়া ঠেকাতে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সরাসরি অংশগ্রহণ করছে জাতিসংঘ। তবে জাতিসংঘ সচিবালয় যে প্রতিবেদন তৈরি করেছে তার কোনো আইনি ভিত্তি নেই এবং এটিকে নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হলে তাতে কেবল জাতিসংঘেরই সম্মানহানি ঘটবে; আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় তা কোনো ভূমিকা রাখবে না।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।