ইরানি সেনাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে: আমেরিকাকে তেহরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i85847-ইরানি_সেনাদের_আঙুল_বন্দুকের_ট্রিগারে_রয়েছে_আমেরিকাকে_তেহরানের_হুঁশিয়ারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্ক অবস্থায় আছে এবং তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুলের কঠোর জবাব দেয়ার জন্য তাদের এই প্রস্তুতি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০২১ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইরানের সামরিক প্রস্তুতি
    ইরানের সামরিক প্রস্তুতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্ক অবস্থায় আছে এবং তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুলের কঠোর জবাব দেয়ার জন্য তাদের এই প্রস্তুতি।

আমেরিকার সন্ত্রাসী এবং অপরাধী সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে জেনারেল বাকেরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইরানের সামরিক বাহিনীর বিশাল মহড়ার অবকাশে জেনারেল বাকেরি সাংবাদিকদের আরো বলেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত- একথা জানানোর জন্যই এই সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর যেকোন হুমকি নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে।

মেজর জেনারেল বাকেরি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে যখন ইরান এবং আমেরিকার মধ্যে চরম সামরিক উত্তেজনা চলছে তখন জেনারেল বাকেরি এসব কথা বললেন।

আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ মোতায়েন করেছে। পাশাপাশি গত কয়েকদিনে আমেরিকা তার পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পারস্য উপসাগরের আকাশে উড়িয়েছে। এছাড়া পরমাণু শক্তিচালিত সাবমেরিনে ইউএসএস জর্জিয়াকে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে। এসব নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে।#

পার্সটুডে/এসআইবি/৬