শ্রোতাদের মতামত
‘রংধনু আসর কেবল কোনো অনুষ্ঠান নয়- এটি জীবন গড়ার এক দিকনির্দেশনা’
আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত আজকের (০৯/০৯/২০২১, বৃহস্পতিবার) অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর আমাদের মনে এমনই রঙ ছড়িয়ে দিয়েছে যে, সেই আবেশে আমরা অনেক্ষণ মহাকাশের রঙিন বাতাসে উড়ে বেড়িয়েছি। আসলে আজকের রংধনু কেবল কোনো অনুষ্ঠান নয়- এটি জীবনকে গড়ার, জীবনকে ভাবার এক দিক নির্দেশনা।
মহান আল্লাহর পবিত্র বাণী থেকে শুরু করে মহানবীর কথা, ইসলামের কথা, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের কথা, পরিশ্রমীদের কথা, সাধনার কথা এবং সবশেষে নাতে রাসুল ও অনুপ্রেরণামূলক গান অনুষ্ঠানটিকে শিক্ষা ও বিনোদনের এক গোলাঘরে পরিণত করেছে। তাই বলা যায়, আজকের রংধনু এমন এক গুদাম, যে গুদাম থেকে সারা জীবন জ্ঞান আহরণ করলে, সারা জীবন বিনোদন নিলে তা শেষ হবে না।
ধৈর্য ও পরিশ্রম সম্পর্কে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনের সূরা রাদের একটি আয়াত বলা হয়। উক্ত আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থান বদলান না, যতক্ষণ না তারা নিজেদের বদলে ফেলে। আর যখন কোন জাতিকে দুর্ভাগ্যে নিপতিত করার ফয়সালা করে ফেলেন, তখন কারো রদ করায় তা রদ হতে পারে না।’
মহান আল্লাহ এভাবেই মানুষকে সঠিক পথনির্দেশনা দিয়েছেন। আলস্য করার সুযোগ নেই। নিজের ভাগ্য বদল করতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে।
আজকের অনুষ্ঠানের পরতে পরতে ছিল উপদেশ। উপদেশ, তবে উদাহরণের মাধ্যমে উপদেশ। যেন বুঝতে কোনো সমস্যা না হয়। আর শুধু ইসলামী দুনিয়ার উদাহরণ নয়, উদাহরণ দেয়া হয়েছে বিধর্মীদের জীবন থেকেও। আজকের রংধনু আসরে উঠে এসেছে মহাকবি শেখ সাদী’র কথা, উঠে এসেছে মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা। শুধু তাই নয়, বাংলা ভাষার বিখ্যাত প্রবাদ ‘পরিশ্রম সৌভাগের প্রসুতি’ যেমন উদ্ধৃত হয়েছে, তেমনি উদ্ধৃত হয়েছে আরবি প্রবাদ- ‘চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পূর্ণতা মহান আল্লাহর পক্ষ থেকে।’
আজকের রংধনু শুধু একটি বেতার অনুষ্ঠান নয়, এটি এক অসাধারণ সাহিত্যও। এটি শুধু বিনোদনের জন্য নয়, সেরা নীতি-শিক্ষাও। এমন অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অনুষ্ঠানের স্রষ্টা আশরাফুর রহমানকে, ধন্যবাদ জানাই এর উপস্থাপক গাজী আব্দুর রশিদ ও আকতার জাহানকে।
অসাধারণ এ অনুষ্ঠানে যেমন অনেক উপদেশ আছে, তেমনি আছে অনেক গল্প। গল্প, তবে জীবনের গল্প, সত্য ঘটনা। এ অনুষ্ঠানটি আমার মত অনেক শ্রোতার হৃদয়েই দাগ কেটেছে। আর এর শিক্ষা আমরা কখানো ভুলব না। ভুলব না যে, চেষ্টা আর সাধনা ছাড়া সাফল্য লাভ করা যায় না।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০