‘আধিপত্যবাদ চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i97678-আধিপত্যবাদ_চাপিয়ে_দেয়ার_মার্কিন_প্রচেষ্টা_চরমভাবে_ব্যর্থ_হয়েছে’
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের দেশগুলোর ওপর নিজের আধিপত্য চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে। ওয়াশিংটনের আধিপত্যকামী ব্যবস্থাকে এখন আর কেউ পাত্তা দেয় না বলেও তিনি উল্লেখ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ০২:৪৪ Asia/Dhaka
  • ‘আধিপত্যবাদ চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে’

ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের দেশগুলোর ওপর নিজের আধিপত্য চাপিয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে। ওয়াশিংটনের আধিপত্যকামী ব্যবস্থাকে এখন আর কেউ পাত্তা দেয় না বলেও তিনি উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৬ম সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া ভাষণে রায়িসি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “চলতি বছর আন্তর্জাতিক অঙ্গনে দু’টি চিত্র ছিল ইতিহাস সৃষ্টিকারী। এর একটি ছিল ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে দেশটির জনগণের হামলা এবং দ্বিতীয় চিত্রটি ছিল আগস্টে মার্কিন বিমান থেকে আফগান নাগরিকদের নিক্ষিপ্ত হওয়ার দৃশ্য। ক্যাপিটল হিল ও কাবুলের এই দু’টি ঘটনার সুস্পষ্ট বার্তা ছিল একটি আর তা হলো, বিশ্বে এখন আর মার্কিন আধিপত্যবাদী ব্যবস্থার বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই তা সেটা আমেরিকার ভেতরে হোক কিংবা বহির্বিশ্বে।”

বর্তমানে পরাশক্তিগুলোর ক্ষমতার চেয়ে স্বাধীনচেতা জাতিগুলোর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশী শক্তিশালী বলে উল্লেখ করেন রায়িসি। তিনি বলেন, জাতিগুলোর ওপর পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেয়ার প্রচেষ্টা আজ চরমভাবে ব্যর্থ প্রমাণিত। গত কয়েক দশকে আমেরিকা যে ভুলে করেছে তা হলো, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করার পরিবর্তে সমরাস্ত্রের জোরে বিশ্বকে শাসন করতে চেয়েছে।আর যত বেশি সে বলপ্রয়োগ করেছে ততবেশি সে কোণঠাসা হয়ে পড়েছে।

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকা তার দেশের ওপর শুধু ইসলামি বিপ্লবের পর থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেনি বরং এই ভয়ঙ্কর প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯৫১ সালে তেল শিল্প জাতীয়করণের সময় থেকে। সে সময় মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের নির্বাচিত ড. মোসাদ্দেক সরকারের পতন হয়েছিল। তবে এখন আর নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জনগণকে কাবু করা যাবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু ইরানি জনগণ নয় সেইসঙ্গে এদেশে বসবাসরত লাখ লাখ বিদেশি শরণার্থী কষ্ট পাচ্ছে। তিনি এ নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ বলে ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।