শ্রোতাদের মতামত
২৫ বছর অনুষ্ঠান শোনার পর প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন
ইসলামী ইরানের সম্মানিত রাহবার, সকল রাজনৈতিক ও বিপ্লবী জনতা, রেডিও তেহরানের পাঠক-পাঠিকা, কলাকুশলীসহ সকল শ্রোতা ভাইবোনদের প্রতি আমার সালাম ও ভালোবাসা রইল। রেডিও তেহরান হতে প্রচারিত বিশ্বসংবাদ, সংবাদ ভাষ্য, কথাবার্তাসহ অন্যান্য সাপ্তাহিক সকল অনুষ্ঠান নিয়মিত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি।
সেই ১৯৯৬ সাল। আন্তর্জাতিক সংবাদ শোনার প্রতি আমার প্রবল ইচ্ছা ছিল। আমি তখন স্নাতক পরীক্ষা দিয়ে অবসর সময়ে আমার দাদার রেডিও নিয়ে বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ শোনার চেষ্টা করতাম। এমনি এক রাতে রেডিওতে বিভিন্ন চ্যানেল ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে রেডিও তেহরানের সন্ধান পাই। প্রথমবারের মত রেডিও তেহরানের সংবাদ শুনে আমার মনে হলো- এর চেয়ে সত্য, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ আর হতে পারে না। তখন থেকে রেডিও তেহরানের সংবাদ ছাড়া আর কোনো দেশ হতে প্রচারিত বিশ্ব সংবাদ কখনই শুনিনি বা শোনার প্রয়োজনও মনে করিনি। তারপর ১৯৯৭ সাল থেকে রেডিও কিনে রেডিও তেহরানের সকল অনুষ্ঠানমালা শুনতাম। তারপর ইন্টারনেট, ওয়েব সাইট ও ফেসবুকের মাধ্যমে রেডিও তেহরান শুনে আসছি। আমার যতদূর মনে পড়ে যান্ত্রিক, কারিগরী ও স্যাটালাইট বা ইন্টারনেটগত সমস্যা ছাড়া কখনও রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা বাদ পড়েনি। এককথায় সেই ১৯৯৬ সাল থেকে আমার প্রিয় রেডিও তেহরান শুনে আসছি। আমার কর্মব্যস্ততার কারণে প্রিয়জন অনুষ্ঠানে বেশ কিছুদিন চিঠি লেখা সম্ভব হয়নি।
রেডিও তেহরান হতে প্রচারিত দৈনন্দিন অনুষ্ঠানসহ কুরআনের আলো, আসমাউল হুসনা, স্বাস্থ্যকথা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল, ইরান ভ্রমণ, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, আলাপন, দর্পন, প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প, রংধনু আসর ইত্যাদি সাপ্তাহিক অনুষ্ঠান আমার ভালো লাগে।
আমার সাথে আমার স্ত্রী মোছাঃ হুসনে আরা পারভিন (ডেইজি) নিয়মিত সকল অনুষ্ঠান শুনে থাকে। সে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। বিগত ২৪-০৬-২০২১ খ্রিস্টাব্দ তারিখে পিত্ত থলি হতে পাথর অপসারণের জন্য ল্যাপারোসকপি করার পর হতে লিভারে ফোড়া ও ফুসফুসে পানি জমাজনিত সমস্যায় বেশ অসুস্থ। তার জন্য দোয়া চাই।
গত ১৩-০১-২০২২ তারিখে অনুষ্ঠিত শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভায়ের গ্রন্থনা ও প্রযোজনায় এবং শ্রদ্ধেয় নাসির মাহমুদ ভাই ও শ্রদ্ধেয় বোন আক্তার জাহানের পরিবেশনায় মাওলানা জালাল উদ্দিন রুমির অমূল্য গ্রন্থ মসনবী থেকে একটি শিক্ষণীয় গল্প পরিবেশন করা হয়েছে। গল্পটি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। রংধনু আসরে ইরানের প্রাচীন সমৃদ্ধ সাহিত্য হতে বিভিন্ন জ্ঞানগর্ভ গল্প উপহার দেয়ায় আমরা যেমন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি তেমনি শ্রদ্ধেয় আশরাফ ভাইয়ের জ্ঞানের পরিধি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। রেডিও তেহরানের শ্রোতাদেরকে রংধনু আসরের মত এমন অতুলনীয় ও অমূল্য অনুষ্ঠান উপহার দেয়ার জন্য শ্রদ্ধেয় আশরাফ ভাই এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে শোনানোর জন্য শ্রদ্ধেয় নাসির মাহমুদ ভাই এবং বোন আক্তার জাহানকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে
মোঃ আব্দুস সেলিম
মধুগঞ্জ বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।