ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির ইরান সফর
https://parstoday.ir/bn/news/uncategorised-i6778-ইতালির_প্রধানমন্ত্রী_মাত্তিও_রেনজির_ইরান_সফর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইউরোপীয় নেতাদের ইরান সফরের সমালোচনা করে বলেছেন, এ সবের বাস্তব এবং কার্যকর কোনো ফল হচ্ছে না। তিনি আরো বলেন, তেহরান যেন এ সব সফরের সুফল দেখতে পায়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৩, ২০১৬ ১৬:২২ Asia/Dhaka
  • ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির ইরান সফর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইউরোপীয় নেতাদের ইরান সফরের সমালোচনা করে বলেছেন, এ সবের বাস্তব এবং কার্যকর কোনো ফল হচ্ছে না। তিনি আরো বলেন, তেহরান যেন এ সব সফরের সুফল দেখতে পায়।

ইরান সফররত ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির এবং তার সফরসঙ্গীদের দেয়া সাক্ষাতে এ সব কথা বলেন তিনি। এ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও উপস্থিত ছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কোনো কোনো ইউরোপীয় দেশের সরকার এবং কোম্পানি ইরান সফর করছে এবং ইরানের সঙ্গে আলোচনা করছে। কিন্তু এ সব আলোচনার কোনো বাস্তব ফল এখনো দেখা যায় নি বলে জানান তিনি।

কেউ কেউ এর জন্য আমেরিকাকে দায়ী করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত আচরণ এবং কার্যকলাপের ভিত্তিতে এ কথা গ্রহণযোগ্য বলে জানান তিনি। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় দেয়া অঙ্গীকারও পূরণ করছে না আমেরিকা। তাদের এ সব অঙ্গীকার পালন করা উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের বক্তব্য এবং কার্যকলাপের মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে ফলে অন্যরা ইরানের সঙ্গে সহযোগিতা করছে না।

ইরানের সর্বোচ্চ নেতা ইতালিকে অনুকূল এবং আশাবাদী আলোকে তেহরান বিবেচনা করে বলে উল্লেখ করে বলেন, আমেরিকার প্রতি আনুগত্যের কারণে কোনো কোনো ইউরোপীয় দেশকে একই ভাবে দেখে না ইরান।

তিনি বলেন, সন্ত্রাসবাদী বিরোধী লড়াইয়ে ইরান এবং ইতালি সহযোগিতা করতে পারে। এ সময়ে সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার বিষয়ে কোনো কোনো ইউরোপীয় দেশের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিপদজনক টেউ ইউরোপেও পৌঁছে গেছে।

রেনজি এ সময়ে ইউরোপে সন্ত্রাসবাদ পৌঁছে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সন্ত্রাসী সংস্থাগুলোকে অর্থ এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে এ সংকট নিরসন করা সম্ভব বলে জানান তিনি।

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অজুহাতে ইসলাম অবমাননায় ক্ষোভ প্রকাশ করেন রেনজি। এ সময়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। সন্ত্রাসী তৎপরতার জন্য ট্রাম্প নিয়মিতই মুসলমানদের দায়ী করছেন।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, শান্তি, সংলাপ এবং শান্তিপূর্ণ সহবস্থানের কথাই বলছে ধর্ম।#