ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় সেনা নিহত
-
সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত একজন সেনা নিহত হয়েছেন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে।
ওই সূত্র জানিয়েছে, গতরাত ১২টা ৫০ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইল রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ইসরাইলি বিমান ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল এবং সেই থেকে সিরিয়া ও ইসরাইল কার্যত যুদ্ধের মধ্যে রয়েছে। গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য অংশ মোতায়েন রয়েছে এবং গোলান মালভূমিকে ব্যবহার করে প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালায়।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তান্ডব শুরুর পর থেকে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর ইসরাইলি সেনারা হামলা চালিয়ে আসছে। এসব হামলার মধ্যদিয়ে মূলত সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার সামরিক বাহিনী, হিজবুল্লাহ এবং রাশিয়ার সেনাবাহিনী উগ্র সন্ত্রাসীদের ব্যাপকভাবে কোণঠাসা করে ফেলেছে। সিরিয়া এখন প্রায় সন্ত্রাসী মুক্ত।#
পার্সটুডে/এসআইবি/১৬