ইয়েমেনে ২ মাসের যুদ্ধবিরতি ও জাহাজ প্রবেশে অনুমতি; ইরানের বিবৃতি
https://parstoday.ir/bn/news/west_asia-i106028-ইয়েমেনে_২_মাসের_যুদ্ধবিরতি_ও_জাহাজ_প্রবেশে_অনুমতি_ইরানের_বিবৃতি
ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (শনিবার) ভোরে এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ পরিপূর্ণভাবে প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১১:১১ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (শনিবার) ভোরে এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ পরিপূর্ণভাবে প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হান্স গ্রান্ডবার্গ শুক্রবার রাতে বলেছেন, ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার ও সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট দুই মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় রাজি হয়েছে।

এই যুদ্ধবিরতি আজ শনিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে। এই সময় খাদ্য ও জ্বালানিবাহী জাহাজও ইয়েমেনে ঢুকতে পারবে। সানা বিমানবন্দরও আংশিকভাবে খুলে দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, আশা করা যায় রমজান মাসে মানবিকতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। একইসঙ্গে উভয় পক্ষ বন্দী বিনিময়ের পদক্ষেপ নেবে এবং সব বন্দী মুক্তি পাবে। এসব উদ্যোগ সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে।

২০১‌৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ। এর ফলে লাখ লাখ মানুষ হতাহত হয়েছেন এবং ৪০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।