জাতিসংঘ বিশেষ দূতের মন্তব্য
বৃহত্তর শান্তির ক্ষেত্রে ইয়েমেনের যুদ্ধবিরতি একধাপ অগ্রগতি
-
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, ইয়েমেন এবং সৌদি জোটের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তাতে তিনি ব্যক্তিগতভাবে বিস্মিত। তিনি আশা করেন, এই যুদ্ধবিরতি বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম ধাপ এবং এটি শান্তির ক্ষেত্রে অগ্রদূত হিসেবে কাজ করতে পারে।
গতকাল (শুক্রবার) সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত 'ইয়েমেন ইন্টারন্যাশনাল ফোরাম'-এ দেয়া বক্তৃতায় গ্রুণ্ডবার্গ এসব কথা বলেন।
তিনি বলেন, "ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি চলছে এবং এ বিষয়টি বহু বিশ্লেষকের কাছে আশ্চর্যের ব্যাপার। আমাকে বলতে হচ্ছে যে, সমস্ত চ্যানেল সত্ত্বেও এই যুদ্ধবিরতি মেনে চলার ক্ষেত্রে দুই পক্ষের প্রতিশ্রুতি দেখে আমি নিজেই বিস্মিত।"
জাতিসংঘের বিশেষ দূত বলেন, "আমরা জানি যে, এই যুদ্ধবিরতি ভঙ্গুর এবং এটি অনেক বেশি লাগসই নয়; তবু যুদ্ধ বিরতি চলছে এটিই বড় কথা।" তিনি দাবি করেন, যুদ্ধবিরতির কারণে ইয়েমেনে নজিরবিহীন সঙ্কটের মধ্যেও দেশটির জনগণের কাছে কিছু মানবিক ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে এবং এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ক্ষেত্রে আলোচনার জন্য কিছুটা হলেও সুযোগ সৃষ্টি করেছে।
হ্যান্স গ্রুণ্ডবার্গ আরো বলেন, গত এক বছরের মধ্যে এই প্রথম যুদ্ধরত দুই পক্ষ জর্ডানের রাজধানী আম্মানে জাতিসংঘের মধ্যস্থতায় সরাসরি বৈঠকে বসেছে, এই যুদ্ধবিরতি বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। এছাড়া ইয়েমেনের ছোট ছোট কিছু এলাকায় দেশটির সাধারণ জনগণের জন্য কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৮