হিজবুল্লাহর মোকাবেলায় মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i122748-হিজবুল্লাহর_মোকাবেলায়_মারাত্মকভাবে_দুর্বল_হয়ে_পড়ছে_ইসরাইল
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ক্রমেই খুব তীব্রভাবে দুর্বল হয়ে পড়ছে ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষা ক্ষমতা।  
(last modified 2026-07-08T06:01:06+00:00 )
মে ০৪, ২০২৩ ১০:৪৪ Asia/Dhaka

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ক্রমেই খুব তীব্রভাবে দুর্বল হয়ে পড়ছে ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষা ক্ষমতা।  

ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বিষয়ক একটি গবেষণা সংস্থা আইএনএসএস- Institute for National Security Studies- এই সতর্কবাণী উচ্চারণ করেছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই সংস্থাটি বলেছে, সম্প্রতি প্রতিরোধ গোষ্ঠীগুলো যেভাবে ইসরাইলি অবস্থানগুলোতে যেসব অভিযান চালিয়েছে এবং প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহর মোকাবেলায় ইসরাইলি প্রতিরোধ সক্ষমতায় ভঙ্গুর অবস্থা বা ফাটলগুলো স্পষ্ট হয়েছে। 

হিজবুল্লাহ ও এর শরিক শক্তিগুলোর মোকাবেলায় ইসরাইলের প্রতিরোধ-শক্তি ক্ষয়ে পড়ছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। আর এ অবস্থায় বর্তমানে ইসরাইলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় প্রচলিত হুমকি হয়ে-ওঠা হিজবুল্লাহর মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা জোরদারের একটি নতুন কৌশল গড়ে তোলার লক্ষ্যে ইসরাইলি নেতাদের অত্যন্ত জরুরি ও বিস্তারিত পর্যালোচনায় মিলিত হওয়ার পরামর্শ দিয়েছে ওই গবেষণা সংস্থা।

হিজবুল্লাহ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তার শক্তিমত্তা ক্রমেই জোরদার করছে এবং লেবাননের আকাশ-সীমা লঙ্ঘন করে আঘাত হানার যে তৎপরতা ইসরাইল চালাতো তা অনেক কমে গেছে বলে ওই সংস্থাটি স্বীকার করেছে। গত দুই বছরে হিজবুল্লাহ অনেক কিছুই গড়ে তুলেছে এবং সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতিও বেড়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। গত বছর লেবাননের সঙ্গে ইসরাইলের নৌ-সীমানা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ঘটনাকে বিজয় বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। 

২০০০ ও ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল দুই বার হিজবুল্লাহর হাতে শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়। সাম্প্রতিক সময়ে গাজা ও লেবানন ছাড়াও পশ্চিম তীর এবং সিরিয়ার গোলানে ইসরাইল বিরোধী নতুন প্রতিরোধ ফ্রন্ট গড়ে ওঠায় ভবিষ্যৎ যে কোনো সংঘাতে ইসরাইল অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে বলে ইসরাইলি নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এমনকি তেলআবিব ও হাইফার মত অঞ্চলেও সংখ্যালঘু হয়ে থাকা আরব তথা ফিলিস্তিনিরাও ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/৪