নানা সংকটে জর্জরিত ইসরাইল কি আত্মহত্যার চেষ্টা করছে? !
https://parstoday.ir/bn/news/west_asia-i124602-নানা_সংকটে_জর্জরিত_ইসরাইল_কি_আত্মহত্যার_চেষ্টা_করছে_!
দখলদার ইহুদিবাদী ইসরাইলের নানা সংকট চার দিক থেকেই দিনকে দিন জোরদার হচ্ছে। রাজনৈতিক ও নিরাপত্তার সংকট ছাড়াও ইসরাইল আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জুন ১৯, ২০২৩ ১১:৫৫ Asia/Dhaka

দখলদার ইহুদিবাদী ইসরাইলের নানা সংকট চার দিক থেকেই দিনকে দিন জোরদার হচ্ছে। রাজনৈতিক ও নিরাপত্তার সংকট ছাড়াও ইসরাইল আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।

বিশেষ করে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় গোটা পশ্চিম এশিয়ার কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ইহুদিবাদী ইসরাইলের অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়েছে। ইসরাইলের প্রধান শত্রু ইরানের সঙ্গে ক্রমেই সম্পর্ক জোরদার করছে চীন ও রাশিয়াসহ বিশ্বের প্রভাবশালী নানা দেশ। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো ইহুদিবাদী মহল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেলআবিব নিজেই নিজের দিকে গুলি ছুঁড়ে আত্মহত্যা করছে! নেতানিয়াহু তার বিরোধী ইহুদিবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে বিরোধ মীমাংসায় অনমনীয় বা অনড় অবস্থান নেয়ায় মার্কিন সরকারের কাছেও ইসরাইলের গুরুত্ব কমে গেছে বলে ইহুদিবাদী মহলগুলো আতঙ্কিত!। ইসরাইল ভেতর থেকেই ভেঙ্গে পড়তে পারে বা ইসরাইলের ইহুদিবাদীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে ইহুদিবাদী মহলগুলো বেশ কয়েক বছর ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও  ইসরাইলের ইহুদিবাদী মহলগুলোর রাজনৈতিক দ্বন্দ্ব কমছে না মোটেই! 

গত কয়েক মাস ধরে লাখ লাখ ইসরাইলি তেলআবিবের রাজপথে নেতানিয়াহুর কথিত বিচার-বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে    ধর্মঘট ছড়িয়ে পড়ছে বিমানবন্দরগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও। ফলে সেসব অচল হয়ে পড়ছে নানা সময়ে। মাঝে মধ্যে ইসরাইলি সামরিক কর্মকর্তা ও সেনারা নেতানিয়াহু সরকারের নির্দেশ অমান্য করছে।

ইসরাইলের বহু বাণিজ্য ও অর্থনৈতিক শরিক বা কোম্পানিগুলো অনিশ্চিত ভবিষ্যৎ দেখে ত্যাগ করছে ইসরাইল। ফলে ইসরাইলিদের মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কমে যাচ্ছে ইসরাইলি মুদ্রা শেকেলের দাম। বাড়ছে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম। 

ওদিকে ফিলিস্তিনি সংগ্রামীদের সামরিক প্রতিরোধ দিনকে দিন শক্তিশালী হওয়ায় ইসরাইল থেকে বেড়ে যাচ্ছে অবৈধ অভিবাসীদের বিপরীত অভিবাসন তথা ইসরাইল থেকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রবণতা! মাঝে মধ্যেই ইসরাইলের নানা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের যাতায়াতের পথে মাঝে মধ্যে  বোমা পেতে রাখছে বলে খবর আসছে। এসব ঘটনায় অনেক ইসরাইলি সেনা আহত হচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহু মাঝে মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির হুমকি দিয়ে ইসরাইলের ঘরোয়া রাজনীতিতে নিজের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে শেষ পর্যন্ত নেতানিয়াহু সফল হবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। ইসরাইলের সার্বিক নড়বড়ে অবস্থার আলোকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি বলেছেন যে ইসরাইলের ৮০ বছর পূর্তি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে । #

পার্সটুডে/এমএএইচ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।