‘ইসরাইলি পাশবিকতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না’
গাজায় মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের ‘মানবতাবিরোধী অপরাধ’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
গত চার সপ্তাহ ধরে গাজার ওপর ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় নয় হাজার ২০০ মানুষের মৃত্যুর পর এ আহ্বান জানালেন এরদোগান।
গতকাল (শুক্রবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক শীর্ষ বৈঠকে বক্তব্য দেয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরাইল সরকার গত ২৮ দিন ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ‘মানবতাবিরোধী অপরাধ’ করে যাচ্ছে। তিনি বলেন, “গত ৭ অক্টোবর থেকে আমরা যে পাশবিকতা দেখছি তা ব্যাখ্যা করার মতো কোনো অজুহাত থাকতে পারে না।”
গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে আল-আকসা অভিযান চালায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই দিন থেকে গাজা উপত্যকার আবাসিক ভবনগুলিতে বৃষ্টির মতো অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত গাজায় নিক্ষিপ্ত বোমার ওজন ও ধ্বংসক্ষমতা দু’টি পরমাণু বোমার সমান বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
রজব তাইয়্যেব এরদোগান বলেন, “আরো স্পষ্ট করে বললে: গাজায় ঠিক ২৮ দিন ধরে মানবতাবিরোধী অপরাধযজ্ঞ চলছে। আমরা সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।”
তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, তার সরকার এমন একটি কৌশল নিয়ে কাজ করছে যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে বলেও জানান প্রেসিডেন্ট এরদোগান।
গত সপ্তাহের শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে ফিলিস্তিনের পক্ষে অন্যতম বৃহত্তম বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রজব তাইয়্যেব এরদোগান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে এই প্রতিশ্রুতি দেন যে, গাজায় প্রকাশ্যে যুদ্ধাপরাধ করার দায়ে তিনি অচিরেই ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করবেন।
আস্তানার শীর্ষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার ব্যাপারে নীরবতা অবলম্বন করায় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গাজায় যে গণহত্যা চলছে তার মূল অপরাধী পাশ্চাত্য।”
গাজা উপত্যকার ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ শুরু হওয়ার পর আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও কানাডা তেল আবিবের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয়বারে মতো ইসরাইল সফরে গিয়ে শুক্রবার বলেছেন, ওয়াশিংটন কখনও তেল আবিবকে একা ছেড়ে যাবে না।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।