গাজা যুদ্ধ বিস্তারের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, জড়িয়ে পড়তে পারে পেন্টাগন
https://parstoday.ir/bn/news/west_asia-i132984-গাজা_যুদ্ধ_বিস্তারের_প্রস্তুতি_নিচ্ছে_আমেরিকা_জড়িয়ে_পড়তে_পারে_পেন্টাগন
গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। তবে, যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যের আরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকা সম্ভাব্য জবাব দেয়ার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৫:২৪ Asia/Dhaka
  • ইয়েমেনিদের গানবোট
    ইয়েমেনিদের গানবোট

গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর। তবে, যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যের আরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকা সম্ভাব্য জবাব দেয়ার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।

গতকাল এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, মার্কিন প্রশাসনে অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতে আমেরিকার জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাইডেন প্রশাসনের একটি সূত্রসহ আরো কয়েকটি সূত্র পলিটিকোকে বলেছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত কয়েকদিনের কিছু ঘটনায় মার্কিন প্রশাসন একথা বুঝতে পারছে যে, গাজার সীমানা পেরিয়ে এই যুদ্ধ এখন অনেক দূর বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে বাগদাদে ইসলামী প্রতিরোধ আন্দোলন হাশদ আশ-শাবির অন্যতম শীর্ষ কমান্ডার মোস্তাক তালেব আল-সাঈদী এবং লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা সালেহ আল- আরুরির হত্যাকাণ্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি ইরানের কেরমান প্রদেশে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সন্ত্রাসী হামলায় বহু মানুষ হতাহত হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো বলছে, এ অবস্থার মধ্যে মার্কিন সামরিক বাহিনী হুথি যোদ্ধাদের ওপর হামলার পরিকল্পনা চূড়ান্ত করছে।

একটি সূত্র বলছে, “আমাদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে হুথিরা হয়তো একটি জাহাজ ডুবিয়ে দিতে পারে। তারপরে কী ঘটবে?”

পলিটিকো জোর দিয়ে বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা "শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বরং তা বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনার জন্যও।" 

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।