কয়েক কোটি ডলারের ক্ষতি
ইসরাইলের জন্য গবাদি পশুবাহী জাহাজ এক মাস পর ফিরে গেল অস্ট্রেলিয়ায়
লোহিত সাগর উত্তপ্ত থাকায় ইহুদিবাদী ইসরাইলের জন্য হাজার হাজার গবাদি পশুবাহী একটি জাহাজ এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকার পর অস্ট্রেলিয়া ফিরে গেছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী যেকোনো বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে বলে জাহাজটিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রিমেন্টল বন্দর থেকে গত ৫ জানুয়ারি ১৪,৫০০ ভেড়া ও ২,০০০ গরুবাহী জাহাজ এমভি বাহিজাহ ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু লোহিত সাগরে পৌঁছার আগে জাহাজটি কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় বেশ কয়েকদিন সাগরে ভাসমান থাকার পর এটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ক্যানবেরা।
ফলে জাহাজটি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে ফ্রিমেন্টল বন্দরে নোঙ্গর করে এবং গবাদি পশুগুলোকে জাহাজ থেকে নামানো হয়।
অস্ট্রেলিয়া ২০২৩ সালে পাঁচ লাখ ভেড়া ও পাঁচ লাখ গরু রপ্তানি করেছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ এমভি বাহিজাহ’র মালিক ইসরাইলি কোম্পানি বাসেম দাব্বাহ। ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা চালানোর যে হুমকি দিয়ে রেখেছে তার দু’টি ক্ষেত্রেই এমভি বাহিজাহ’র মিল থাকায় জাহাজটি অস্ট্রেলিয়া দিয়ে ছেড়ে আসলেও লোহিত সাগরে প্রবেশের সাহস করেনি। এই একটি ঘটনায় ইসরাইলের কয়েক কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।