গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
দামেস্কে ফের ইসরাইলি হামলা, অন্তত ২ জন নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী বাহিনী আবারো আগ্রাসন চালিয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, দামেস্কের কাফ্র সুসা আবাসিক এলাকার একটি ভবন লক্ষ্য করে ইসরাইলি বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সানাও এই হামলার খবর ছবিসহ প্রকাশ করেছে যাতে দেখা যায়- বহুতল একটি ভবনের অংশবিশেষ ধোঁয়ায় কালো হয়ে গেছে এবং কাঁচের জানালা ভেঙে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ইহুদিবাদী ইসরাইল এই আগ্রাসন চালায় এবং অধিকৃত গোলান মালভূমির দিক থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ওই সূত্র বলছে, ইসরাইলি হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছে। এর পাশাপাশি ওই ভবন এবং আশপাশে বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে দখলদার সরকার সিরিয়ার উপর আগ্রাসন বাড়িয়ে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।