সিরিয়ার আলেপ্পোতে গুরুত্বপূর্ণ সাফল্য পেল সিরিয় বাহিনী
সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে আলেপ্পো শহর মুক্ত করার অভিযানে দেশটির সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী এবং এর সহযোগী অন্যান্য বাহিনী আজ (রোববার) উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের বাইরে সর্বশেষ সড়ক বিচ্ছিন্ন করার লক্ষ্যে আন-নুসরা ফ্রন্ট এবং দায়েশের সঙ্গে তুমূল লড়াইয়ে লিপ্ত রয়েছে।
বিভক্ত আলেপ্পো শহরের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে মাল্লাহ কৃষিখামারের একটি অংশে রাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কাস্টেলো সড়কের সন্নিকটে অবস্থিত মাল্লাহর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত দুই বছর থেকে সিরিয়ার বাহিনী চেষ্ঠা চালাচ্ছে।দায়েশ তাদের নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে সর্বশেষ এই সড়কটি ব্যবহার করে আসছে।
একজন ফিল্ড কমান্ডারের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার আল -ওয়াতান সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী মাল্লাহর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তবে কাস্টেলোর সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়নি।
কাস্টেলো সড়কের মাধ্যমে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার সঙ্গে বাইরের যোগাযোগা বিচ্ছিন্ন করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনী ওই সড়ক থেকে মাত্র দুই কিলোমিটারের চেয়েও কম দুরত্বে অবস্থান করছে বলেও ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে। এদিকে, লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে।
সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, সরকারি বাহিনী ওই এলাকায় সাফল্য পেয়েছে তবে কাস্টেলো সড়ক এখনো খোলা রয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/৩