নেতানিয়াহু গাজা যুদ্ধ পুনরায় শুরু করতে চায়: ইসরায়েলি চ্যানেল ১৩
-
ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে-গাজা যুদ্ধে যুদ্ধবিরতি সুসংহত করার এবং এলাকা পুনর্নির্মাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সত্ত্বেও, একটি ইহুদিবাদী সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা উপেক্ষা করে গাজায় পুনরায় বৃহৎ পরিসরে যুদ্ধ চালিয়ে যেতে চায়।
ইহুদিবাদী টেলিভিশন চ্যানেল-১৩ একটি প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা গাজায় একটি বৃহৎ পরিসরে সামরিক হামলা পুনরায় শুরু করতে চায়, যা বাস্তবে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অবজ্ঞা করার মতো পদক্ষেপ বলে বিবেচিত হয়। পার্সটুডে আরও জানিয়েছে, চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মধ্যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তায় মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার এবং কথা বলার জন্য ফ্লোরিডার মিয়ামিতে যাওয়ার কথা রয়েছে।
চ্যানেল ১৩ আরও জানায়, নেতানিয়াহু গত সপ্তায় বৃহস্পতিবার নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন, যেখানে গাজায় পুনঃপ্রবেশ এবং বৃহৎ আকারের আক্রমণ পুনরায় শুরু করার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের মূল্যায়ন হল ওয়াশিংটন যুদ্ধবিরতি স্থিতিশীল করতে এবং গাজাকে সামরিকীকরণের জন্য একটি বহুজাতিক বাহিনী গঠন করতে অক্ষম। অথচ সামরিক আক্রমণ বন্ধের বিকল্প ও একমাত্র সমাধান হিসাবে তুলে ধরা হয়েছিল বহুজাতিক বাহিনী গঠন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে নেতানিয়াহু এবং ট্রাম্পের বৈঠকের পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইহুদিবাদী অর্থমন্ত্রী বেটজালেল স্মোট্রিচ আরও বলেছেন, নির্বাচনের আগে ইসরায়েল সম্ভবত গাজা এবং লেবাননে নতুন করে সামরিক অভিযান চালাতে বাধ্য হবে এবং বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে স্থায়ী নাও হতে পারে।
তবে, মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটক মিশর, কাতার এবং তুরস্কের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বলেছেন দ্বিতীয় পর্যায়ের জন্য সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন