সন্ত্রাসীরা অস্ত্র সমর্পণ করলে ক্ষমা করা হবে: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর যে সদস্য অস্ত্র সমর্পণ করবে তাকেই ক্ষমা করবে তার সরকার। ২০১১ সালে সিরিয়া সংকট শুরুর পর থেকে দামেস্ক সরকার এ নীতি অনুসরণ করে আসছে বলে তিনি জানান।
গ্রিসের আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেছেন। তিনি বলেন, “সন্ত্রাসীরা যদি অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তবে তাদেরকে ক্ষমা করা হবে এবং এ কাজ আমরা কয়েক বছর ধরে করে আসছি।”
সিরিয়ার সরকার চলমান যুদ্ধে বিজয়ী হলে সন্ত্রাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট আসাদ বলেন, “এটি আমার কোনো বিজয় নয়; গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বিজয় হবে সিরিয়ার জনগণের বিজয় কারণ সিরিয়ার জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।” তিনি আরো বলেন, “প্রকৃতপক্ষে ক্ষমা করার বিষয়টি কার্যকর রয়েছে এবং সংকট শুরুর প্রথম থেকেই সরকার এ সুযোগ দিয়ে আসছে।” ক্ষমাকে সন্ত্রাসীদের জন্য একটি ভালো সুযোগ বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট আসাদ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭