ট্রাম্পকে সতর্ক করে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে সমর্থন দিল ইয়েমেন
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে- ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্য উপসাগরে ট্রাম্প প্রশাসনের দুঃসাহসিক ও বর্বরতার বিরুদ্ধে সতর্ক করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডের প্রতি সানার সমর্থন ঘোষণা করেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন এবং ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি বিশ্বকে এক চড়া মূল্য দিতে বাধ্য করেছে, যার প্রতিফলন ঘটেছে পণ্য সরবরাহ ও সামুদ্রিক পরিবহনে বিশৃঙ্খলা, পরিবহন খরচ বৃদ্ধি এবং জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর নাবিকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিবৃতিতে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডকে এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় দেশগুলোর আত্মরক্ষা ও নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার অধিকারকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে, হরমুজ প্রণালীর পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মূল কারণগুলো চিহ্নিত করা।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অঞ্চলের বাইরের কিছু সুবিধাবাদীকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং সরবরাহ ব্যবস্থা, জ্বালানির মূল্য ও বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি করবে; যা বর্তমানে অপরাধী ট্রাম্প ও তার ইসরায়েলি সহযোগীদের বর্বরতার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন