'লেবাননে এক সপ্তাহে ৭৭ শিশু হতাহত, যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত'
https://parstoday.ir/bn/news/west_asia-i159830-'লেবাননে_এক_সপ্তাহে_৭৭_শিশু_হতাহত_যুদ্ধবিরতির_মধ্যেও_হামলা_অব্যাহত'
পার্সটুডে: লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত সাত দিনে ইসরায়েলি হামলায় ৭৭ জন শিশু নিহত ও আহত হয়েছে।
(last modified 2026-05-30T11:56:54+00:00 )
মে ৩০, ২০২৬ ১৬:১৯ Asia/Dhaka
  • 'লেবাননে এক সপ্তাহে ৭৭ শিশু হতাহত, যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত'

পার্সটুডে: লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত সাত দিনে ইসরায়েলি হামলায় ৭৭ জন শিশু নিহত ও আহত হয়েছে।

লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,দক্ষিণ লেবানের সুর জেলার মারউব এলাকায় ইসরায়েলি হামলায় একজন ত্রাণকর্মীসহ ৪ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। এছাড়া গত সাত দিনের হামলায় মোট ৭৭ জন শিশু নিহত বা আহত হয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়,লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এসব হামলা মানবিক আইন ও আন্তর্জাতিক বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে চিকিৎসাকর্মীদের সুরক্ষার যে বাধ্যবাধকতা আন্তর্জাতিক আইনে রয়েছে, ইসরায়েল তা উপেক্ষা করে চিকিৎসা ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

এদিকে, সুর জেলার আল-আব্বাসিয়্যা এলাকায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। একইভাবে তাইরদেবা এলাকায় হামলায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত দক্ষিণ লেবানে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৫৫ জন লেবানিজ নাগরিক নিহত এবং ১০ হাজার ৯৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবানের গ্রাম ও শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তারা নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিক ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এই হত্যাযজ্ঞ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।