ইরাকে সহিংসতায় জুলাই মাসে ৭৫৯ ব্যক্তি নিহত হয়েছেন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i16222-ইরাকে_সহিংসতায়_জুলাই_মাসে_৭৫৯_ব্যক্তি_নিহত_হয়েছেন_জাতিসংঘ
গত জুলাই মাসে ইরাকে সন্ত্রাস এবং সহিংস ঘটনায় প্রায় ৭৬০ ব্যক্তি নিহত এবং অপর আরো ১,২০০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৬ ১২:২৯ Asia/Dhaka
  •  ইরাকে সহিংসতায় জুলাই মাসে ৭৫৯ ব্যক্তি নিহত হয়েছেন: জাতিসংঘ

গত জুলাই মাসে ইরাকে সন্ত্রাস এবং সহিংস ঘটনায় প্রায় ৭৬০ ব্যক্তি নিহত এবং অপর আরো ১,২০০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরাক বিষয়ে জাতিসংঘের মিশন গতকাল (সোমবার) জানিয়েছে,  তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় গত মাসে ইরাকে ৭৫৯ ব্যক্তি নিহত এবং অপর ১২০৭ জন আহত হয়েছেন। জাতিসংঘ মিশন আরো জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে ৬২৯ বেসামরিক ব্যক্তি রয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০৬১ জন। এছাড়া, এ সময় ইরাকি নিরাপত্তা বাহিনীর ১৩০ সদস্য নিহত এবং অপর আরো ১৪৬ জন আহত হয়েছেন।

মিশন জানায়, রাজধানী বাগদাদেই সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছেন। সেখানে ৫১৩ বেসামরিক ব্যক্তি নিহত এবং ৮৮৭ জন আহত হয়েছেন। এছাড়া, উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে ৪৫ ব্যক্তি নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে ২৪ ব্যক্তি নিহত এবং ৫২ জন আহত হয়েছেন।

উত্তরাঞ্চলীয় নিনেভাহ প্রদেশে ২৩ ব্যক্তি নিহত এবং আরো ২৭ জন আহত হয়েছেন। তবে তুমূল সংঘর্ষ অব্যাহত থাকায় ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে হতাহতদের কোনো সংখ্যা নির্ণয় করা সম্ভব হয় নি।

ইরাক বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি জেন কুবিস বলেন, ইরাকে সন্ত্রাসী হামলা এবং সংঘর্ষে হতাহতদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা সব সময় এসব অগ্রহণযোগ্য পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছি। আমরা এও আশা করছি যে, ইরাকে শিগগিরি শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২